আরিফ উদ্দিন, স্টাফ রিপোর্টার, গাইবান্ধা থেকে : গাইবান্ধায় মাদকাসক্ত এক যুবকের ছুরিকাঘাতে রোকন সরদার (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এসময় আরো ৪জন আহত হয়েছেন। আহতদের মধ্যে জিল্লুর রহমান নামে একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়াবাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী শুক্রবার (১৮ জুন) সকালে মাদকাসক্ত ওই যুবকের বাড়িতে ভাঙচুরসহ অগ্নিসংযোগ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।নিহত রোকন সরদার রামচন্দ্রপুর ইউনিয়নের ভগবানপুর গ্রামের আব্দুর রউফ সরদারের ছেলে। তিনি বালুয়াবাজারের সাইকেল পাটর্সের ব্যবসা করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, বালুয়াবাজারের মাদকাসক্ত সোহেল মিয়াসহ কয়েকজন স্থানীয় ব্যক্তি হিন্দু স¤প্রদায়ের একজনকে গরুর মাংস খাওয়ানোর চেষ্টা করেন। বিষয়টি ইউপি সদস্য আশিকুজ্জামান সাথী ও রামচন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলামকে জানানো হয়। তারা রাতেই সোহেলের সঙ্গে কথা বলতে যান।এসময় সোহেল ক্ষিপ্ত হয়ে তারা কয়েক ভাই মিলে ইউপি সদস্যের ওপর হামলা করে। খবর পেয়ে ইউপি সদস্য আশিকুজ্জামান সাথীর দুই চাচা জিল্লুর রহমান ও রোকন মিয়া এগিয়ে এলে তাদের ওপরও হামলা করে তারা। এতে ঘটনাস্থলে ছুরিকাঘাতে রোকন মিয়া মারা যান। গুরুতর আহত জিল্লুর রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অপারেশন) রজব আলী বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোহেলসহ তার সঙ্গীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
The post গাইবান্ধায় ছুরিকাঘাতে যুবক খুন appeared first on গোবি খবর.
