রবিবার, ১৩ জুন, ২০২১

সাপাহারে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফ’র অর্থ বিতরণে অনিয়মের অভিযোগ

জাহাঙ্গীর আলম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার ৬ নং শিরন্টী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাকীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর ঈদ উপহার (ভিজিএফ)-এর অর্থ ও অর্থ সহায়তার টাকা বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।
সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসার বরাবর ওই ইউনিয়নের ১ নং ওয়ার্ডবাসীর পক্ষে একটি লিখিত অভিযোগ করেছেন আবু হানিফ ও হারুন-অর-রশিদ।
অভিযোগে বলা হয়েছে, ২০২১ ইং সালে ঈদুল ফিতরের ভিজিএফ গরীব দুঃখি মানুষের টাকা বিতরণে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতি করা হয়েছে। সরকারি নিময়নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি, বে-সরকারি চাকুরীজীবী পরিবারের সদস্য, একাধিক সরকারি সুবিধা ভোগীদের নামসহ ইউপি চেয়ারম্যান আব্দুল বাকী ও ১ নং ওয়ার্ডের ইউপি সদস্যের যোগসাজোসে ভিজিএফ’র বিতরণ তালিকা প্রস্তুত করা হয়েছে। সরকারি প্রজ্ঞাপন তোয়াক্কা না করেই প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়েছে নগদ অর্থ।
ওই তালিকায় দেখা গেছে ইউনিয়েন ১ নং ওয়ার্ডে সাবজালের মেয়ে ও  আওয়ালের স্ত্রী মোসাঃ অজেনুরকে বিধবা ভাতা, রেশন ও ভিজিএফ সুবিধা দেয়া হয়েছে।  মৃত: কলিমদ্দীনের ছেলে মোঃ এরশাদ আলীকে রেশন কার্ড থাকা সত্ত্বেও দেওয়া হয়েছে ভিজিএফের টাকা। আশাদুলের স্ত্রী মোসাঃ ফরিদা গর্ভবতী না হওয়া সত্ত্বেও দেয়া হয়েছে মাতৃত্বকালীন ভাতা’র নগদ অর্থ। ইউনিয়নের ওই ওয়ার্ডেই ৪০-৪৫ জন ব্যাক্তি বিভিন্ন সরকারি সুবিধা ভোগ করে আসছে বলে অভিযোগে বলা হয়েছে।
ভিজিএফসহ অর্থ সহায়তার তালিকায় সরকারি-বেসরকারি চাকরিজীবী ছাড়াও একই ব্যাক্তিকে একাধিক সরকারি সুযোগ সুবিধা দেয়া হয়েছে। অপরদিকে, ওই ইউনিয়নের প্রতি ওয়ার্ডে বেশ কিছু সংখ্যাক প্রকৃত অসহায় লোকজন এবারের ঈদে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বেশ কয়েকজন ব্যাক্তি জানান, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে খোঁজ নিলে দেখা যাবে চেয়ারম্যান ও ইউপি সদস্যদের দেয়া তালিকায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা ভিজিডি, রেশন কার্ডধারীসহ সরকারি বিভিন্ন সুবিধাভোগীদের নাম রয়েছে।
শিরন্টি ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুল বাকী জানান, চুল দাড়িগুলো এমনি পাকেনি! প্রায় ২৯ বছর হলো চেয়ারম্যানীর বয়স, এগুলোর প্রতিকার কখনো পায়নি। আমার ইউনিয়নে অনিয়ম কখনো হয়নি। এবারে ৪ হাজার ৫৮৪ টির মধ্যে ১ হাজার ৬৫০ টি ভিজিএফ তালিকা দিয়েছে সরকার দলীয় নেতারা সেগুলাতে অনিয়ম হয়েছে। এ বিষয়ে উপর মহলে জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি। বড় বড় সাংবাদিকরাও ফোন দিয়েছিলো আমাকে, তাতেও কিছু হয়নি।
মাতৃত্বকালীন ভাতা উত্তোলনের বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা খাতুন জানান,  ইউনিয়ন কমিটি এটা যাচাই-বাছাই করেই আমাদের কাছে পাঠাই। এর সাথে চিকিচৎকের দেয়া সনদ নিয়ে এই ভাতা দেয়া হয়। এক্ষেত্রে ইউনিয়ন কমিটি বেশি দায়ী। আমার কাছে লিখিত অভিযোগ পেলে যাচাই-বাছাই করব। যাচাই-বাছাইয়ে ভুয়া প্রমাণিত হলে মোসাঃ ফরিদার কার্ড বাতিল করা হবে।এ বিষয়ে জানতে চাইলে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্ল্যাহ আল মামুন বলেন, আমি অনেকদিন ধরে করোনা পজেটিভ অবস্থায় আছি। সুস্থ হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

The post সাপাহারে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফ’র অর্থ বিতরণে অনিয়মের অভিযোগ appeared first on গোবি খবর.



Advertiser