টোকিও অলিম্পিকে হকিতে একের পর এক চমক দিয়ে চলেছে ভারত। পুরুষ দলের পর তাদের নারী দলও পৌঁছে গেছে হকির সেমিফাইনালে। সোমবার অস্ট্রেলিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে সেমির টিকিট কেটেছে ভারতের নারীরা।
ওই হকি স্টেডিয়ামের নর্থ পিচে হওয়া ম্যাচটিতে ১-০ গোলে জিতেছে ভারত। দ্বিতীয় কোয়ার্টারে ম্যাচের ২২ মিনিটের সময় একমাত্র গোলটি করেছেন গুরজিত কৌর।
মঙ্গলবার ফাইনালে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার নারী দলের বিপক্ষে খেলবে ভারত। সোমবার প্রথম কোয়ার্টার ফাইনালে জার্মানিকে ৩-০ গোলে হারিয়ে সেমিতে উঠেছে আর্জেন্টিনা নারী হকি দল।
আগেরদিন গ্রেট ব্রিটেনকে ৩-১ গোলে হারিয়ে পুরুষ হকির সেমিফাইনালে উঠেছে ভারত। তাদের মতো বড় জয় না পেলেও, সেমিতে ওঠার কাজটা ভালোভাবেই সেরেছে ভারতের নারী দল।
সোমবার পুরুষ হকির কোয়ার্টার ফাইনালে জিতেছিল অস্ট্রেলিয়ার পুরুষ দল। নেদারল্যান্ডসের বিপক্ষে মূল ম্যাচ ২-২ গোলে অমীমাংসিত থাকলে টাইব্রেকারে ৩-০ ব্যবধানে জিতে নেয় অস্ট্রেলিয়া। কিন্তু পরদিন পারল না তাদের নারী দল।
টোকিও অলিম্পিকের নারী হকির বাকি দুই কোয়ার্টার ফাইনাল ম্যাচ হবে আজ বিকেলে। যেখানে সেমিতে ওঠার লড়াইয়ে খেলতে নামবে নেদারল্যান্ড-নিউজিল্যান্ড ও স্পেন-গ্রেট ব্রিটেন।
এসএএস/এমকেএইচ
