মিজানুর রহমান বেলালের জন্ম নওগাঁ জেলার আত্রাই উপজেলায়। শৈশব কেটেছে গ্রামে। পেশায় একজন প্রকৌশলী হলেও লেখালেখিতে তিনি কবি ও নাট্যকার।
দেড় যুগ ধরে লেখালেখি করে পরিচিতি লাভ করেছেন। তার লেখা অর্ধশত টিভিনাটক ও টেলিফিল্ম জনপ্রিয় সব টিভি চ্যানেলে প্রচার হয়েছে ইতিমধ্যে। প্রচারের অপেক্ষায় আছে আরো ৩০টির মতো টিভি নাটক।
তার নাটক নিম্নবিত্ত ও মধ্যবিত্তের টানাপোড়ন, যাপিত জীবনের আখ্যায়ন, মানুষের নানান অসঙ্গতি উঠে আসে। হাসি-কান্নার চিত্রায়ণ করেন চরিত্র রূপায়নের মধ্য দিয়ে।
সমসাময়িক ভাবনাগুলোকে ধারণ করে বিভিন্ন মেসেজ দিয়ে থাকেন অনায়াসে।
মিজানুর রহমান বেলাল রচিত জনপ্রিয় ও আলোচিত নাটকের মধ্যে, ‘শহরনামা’, ‘বিসিএস বক্কর’, ‘বক্কর এখন ব্যাংকার’, ‘স্যারের মেয়ে’, ‘শুভকামনা’, ‘দুঃখের কোনো রঙ নেই’, ‘রুমাল’, ‘অনুশোচনা’, ‘পারফিউম’, ‘গেমারু’, ‘পেনফ্রেন্ড’, ‘আত্মত্যাগ', 'ছাতিম কাঠের কফিন’, ‘কষ্টের নাম জাদুঘর’, ‘ভালো মানুষ হতে চাই’. ‘নগরবালা’, ‘দিন দুপুরে ডাকাতি’, ‘নায়িকাপ্রীতি’, ‘জুয়াড়ির প্রেম’ প্রভৃতি উল্লেখযোগ্য।
এছাড়াও মিজানুর রহমান বেলাল রচিত ‘ওসাম ওসমান’, ‘বড় ভাবী’, ‘হুইল চেয়ার’ ‘মহল্লার ম্যাডাম’, ‘পেনশন’ সহ ৩০টি টিভি নাটক টিভিতে প্রচারের অপেক্ষায়।
প্রসঙ্গত, মিজানুর রহমান বেলালের ১৩টি কাব্যগ্রন্থও প্রকাশিত হয়েছে ইতিমধ্যে।কবিতায় কালি ও কলম পুরস্কারসহ ৯টি বিভিন্ন পুরস্কারও অর্জন করেছেন তিনি।
এলএ/এমকেএইচ
