রাজধানীর গুলশান থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তিনদিনের রিমান্ড শেষে আলোচিত হেলেনা জাহাঙ্গীরকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হবে। এদিন তার বিরুদ্ধে করা আরও দুই মামলার গ্রেফতার দেখানো পূর্বক ১২ দিনের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে বলে আদালত সূত্রে জানা গেছে।
মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরের দিকে ঢাকা মহানগর হাকিম আদালতে তাকে হাজির করা হবে।
এর আগে রোববার (১ আগস্ট) ঢাকা মহানগর হাকিম আদালতে মাদকদ্রব্য আইনে গুলশান থানায় করা মামলায় পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেন গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহানুর রহমান।
শনিবার (৩১ জুলাই) সরকারি অনুমোদন ও বৈধ কাগজপত্র ব্যতীত জয়যাত্রা টিভি সম্প্রচারসহ প্রতিষ্ঠানটি অবৈধভাবে পরিচালনা করার অভিযোগে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালতে তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার পরিদর্শক (অপারেশন) ইয়ামিন কবির।
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তিনদিনের রিমান্ডে রয়েছেন হেলেনা জাহাঙ্গীর। শুক্রবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। এ মামলার রিমান্ড শেষে তাকে আজ আদালতে হাজির করা হবে। এরপর এ দুই মামলায় গ্রেফতার দেখানো পূর্বক তার রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে বলে আদালতে সূত্রে জানা গেছে।
শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে হেলেনা জাহাঙ্গীরকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর গুলশান থানার মামলায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পরিদর্শক (অপারেশন) শেখ শাহানুর রহমান।
অপরদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী তার জামিন আবেদন নামঞ্জুর করে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত ১২টার দিকে গুলশানের ৩৬ নম্বর রোডের ৫ নম্বর বাসায় দীর্ঘ প্রায় চার ঘণ্টা অভিযান শেষে হেলেনা জাহাঙ্গীরকে আটক করে র্যাব। এ সময় তার বাসা থেকে বিদেশি মদ, অবৈধ ওয়াকিটকি সেট, চাকু, বৈদেশিক মুদ্রা, ক্যাসিনো সরঞ্জাম ও হরিণের চামড়া উদ্ধার করা হয়।
জেএ/জেএইচ/জিকেএস
