শনিবার, ৭ আগস্ট, ২০২১

ইসলামী বিশ্ববিদ্যালয়ে তরুণ লেখক ফোরামের নতুন কমিটি

‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’ সংগঠনের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২১-২২ বর্ষের কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এতে সভাপতি হয়েছেন আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র এস এ এইচ ওয়ালিউল্লাহ। এছাড়া সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র আবু তালহা আকাশ।

শুক্রবার (৬ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মারজুকা রায়না ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী ৭ কার্যদিবসের মধ্যে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে জমা দিতে বলা হয়েছে।

সভাপতি নির্বাচিত হওয়ায় কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এস এ এইচ ওয়ালিউল্লাহ।

তিনি বলেন, ‘আশা করছি সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সহযোগিতায় একদল দক্ষ ও সৃষ্টিশীল লেখক তৈরিতে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবো।’

উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ স্লোগানে ২০১৮ সালের ২৩ জুলাই পাঁচ সদস্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গঠন করা হয় ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’। দেশের ১৭ পাবলিক বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

রায়হান মাহবুব/এএইচ/জিকেএস



Advertiser