একজন গায়ক, গীতিকবি ও লেখক হিসেবে জায়গা করে নিয়েছেন লুৎফর হাসান। তার কণ্ঠে 'ঘুড়ি তুমি কার আকাশে উড়ো' গানটি তুমুল শ্রোতাপ্রিয়। এরপর আরও কিছু গান দিয়ে নিজের গায়কীর সুবাস ছড়িয়েছেন তিনি।
সেই ধারাবাহিকতায় আরও একটি নতুন গান নিয়ে হাজির হচ্ছেন লুৎফর৷ নাম 'এই তো আকাশ'। এ গানে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন 'মন ক্যামনের জন্মদিন' খ্যাত কলকাতার কণ্ঠশিল্পী মেখলা দাশগুপ্ত।
গালিব সর্দার ও ডাল্টনের কথায় এ গানের সুর করেছেন গালিব ও শুভ। সংগীত আয়োজন করেছেন শুভ সুলতান।
স্টুডিও লেজি ট্রিতে তৈরি হয়েছে এই গান। গানে সরোদ বাজিয়েছেন কলকাতার বিখ্যাত সরোদ বাদক প্রতীক শ্রীবাস্তব পিকু।
গীতিকার গালিব সর্দার জানান, গানটি প্রকাশ হবে ভিডিও আকারে৷ এই লকডাউনেই এর শুটিং হয়েছে। দুই শিল্পীকে দেখা যাবে ভিডিওতে। গায়িকা মেখলা তার অংশ তিনি নিজেই ভিডিও করে পাঠিয়েছেন। বাংলাদেশে লুৎফরের অংশ ভিডিওসহ এর সম্পাদনা করেছে স্বপ্নসিঁড়ি।
গানটি নিয়ে লুৎফর হাসান বলেন, ‘মেখলার গান শুনে বিমোহিত হয়ে কবিতা লিখেছিলাম, সেই কবিতায় ছিল মেখলার কথা। সূত্র ধরে গালিবের মাধ্যমে পরিচয়। তারপর সবাই মিলে এই গান তৈরি করা হলো।‘
গানটির মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে লুৎফর হাসানের নিজের ইউটিউব চ্যানেলে। ৫ আগস্ট সন্ধ্যায় লুৎফরের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে।
এলএ/এমকেএইচ
