রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

ফখরুলসহ ৫১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন ২১ নভেম্বর

রাজধানীর পল্টন থানায় বিস্ফোরক ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ২১ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

রোববার (১৯ সেপ্টেম্বর) মামলাটির অভিযোগ গঠনের নির্ধারিত দিনে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৫ ফাতেমা ফেরদৌসের আদালত এ আদেশ দেন।

এদিন মির্জা ফখরুলসহ বিএনপির ৩৫ নেতাকর্মী হাজিরা দিতে আদালতে উপস্থিত হন। এরইমধ্যে মামলার আসামিদের মধ্যে তিনজন মারা গেলে এ-সংক্রান্ত প্রতিবেদন আদালতে না আসায় আদালত শুনানি পিছিয়ে দেন। এছাড়া কিছু আসামি পলাতক রয়েছেন।

আদালতের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ মামলার আসামি তানভীর, আদিল বাবু, শফিউল বারী বাবু মারা যাওয়ায় তাদের মৃত্যুর প্রতিবেদন আদালতে দাখিল হয়নি। ফলে মৃত্যু প্রতিবেদন আসা সাপেক্ষে চার্জ গঠন শুনানির জন্য এ দিন ধার্য করেন আদালত।

বিস্ফোরক ও হত্যাচেষ্টার অভিযোগে ২০১৮ সালে রাজধানীর পল্টন থানায় এ মামলাটি দায়ের করা হয়েছিল। মামলা নম্বর ৬(১)১৪। মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৯, ৩৫৩, ৩৪১, ৩৩২, ৩০৭, ৪৩৫, ৪২৭, ১০৯, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে।

একইসঙ্গে আসামিদের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনের ৩/৬ ধারাতেও অভিযোগ করা হয়েছে। এরপর ৫১ আসামির বিরুদ্ধে চার্জশিট দেন পুলিশ।

জেএ/এমকেআর/এমএস



Advertiser