১৯৯৯ বিশ্বকাপে দুরন্ত গতিতে ছুটে চলা পাকিস্তান ধাক্কা খেয়েছিল ফাইনালে। শিরোপা লড়াইয়ে অস্ট্রেলিয়া রীতিমতো উড়িয়ে দেয় ওয়াসিম আকরামের দলকে। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত পাকিস্তানকে দেখে শোয়েব আখতারের মনে তাই ২২ বছর আগের সেই স্মৃতি।
শোয়েবের ‘শঙ্কা’ ইতিহাসের পুনরাবৃত্তি আবার না হয়। এ জন্য বাবর আজমদের সতর্কও করলেন পাকিস্তানের সাবেক এই ফাস্ট বোলার।
বাবরের অধীনে এবারের বিশ্বকাপে ভারত, নিউজিল্যান্ড, আফগানিস্তান, নামিবিয়াকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-তিন বিভাগেই নিজেদের আধিপত্য দেখাচ্ছেন পাকিস্তানি ক্রিকেটাররা। তবুও ২২ বছর আগের সেই শঙ্কাকে উড়িয়ে দিচ্ছেন না শোয়েব।
বাবরদের সতর্ক করে নিজের ইউটিউব চ্যানেলে কিংবদন্তি পাকিস্তানি পেসার বলেছেন, ‘তোমরা যেভাবে এগোচ্ছো, আমার বারবার ৯৯’ বিশ্বকাপের পাকিস্তান দলের কথা মনে পড়ছে। সাবধান, এই বিশ্বকাপ যেন আমাদের হাত থেকে না ফসকায়। যে করেই হোক, ট্রফি আমাদের চাই।’
এখন পর্যন্ত পাকিস্তান দলের পারফরম্যান্সে ভীষণ সন্তুষ্ট শোয়েব। মাঠে বাবর-আফ্রিদিদের ছুটে চলা দেখে রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের বক্তব্য, ‘দল এবার সঠিক পথের দিকে এগোচ্ছে। পাকিস্তানের অপরাজিত হয়ে ফাইনালে যাওয়া উচিত এবং শিরোপা আমরাই উঁচিয়ে ধরবো।’
এসএস/জেআইএম
