লক্ষ্মীপুরের কমলনগরে প্রবাসীর সঙ্গে স্কুলছাত্রীর (১৫) বাল্যবিয়ে দিতে অব্যাহত চাপ দিচ্ছে পরিবার। এতে ওই স্কুলছাত্রী মানসিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। সুস্থ হয়ে বাড়ি ফিরলেও তাকে ফের বিয়ের চাপ দেওয়া হয়।
কিন্তু ওই স্কুলছাত্রী সাফ জানিয়ে দেয়- আমি পড়বো। বাল্যবিয়ে দিলেই আত্মহত্যা করবো।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৪ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান জানতে পারেন। তাৎক্ষণিক তিনি উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ তৌহিদুল ইসলামকে জানিয়ে ব্যবস্থা নিতে বলেন। পরে শিক্ষা অফিসার ওই বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে স্বজনদের বুঝিয়ে রোববার (৭ নভেম্বর) তাকে বিদ্যালয়ে নিয়ে আসতে বলেন।
ভুক্তভোগী ওই স্কুলছাত্রী উপজেলার হাজিরহাট তোয়াহার স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম জায়েদ বিল্লাহ বলেন, বৃহস্পতিবার বিদ্যালয় বন্ধ থাকায় আমি যাইনি। শিক্ষা কর্মকর্তা আমাকে বিষয়টি জানিয়েছেন। তিনি বাড়িতে গিয়ে ওই ছাত্রীর বিয়ে বন্ধ করতে বলেছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ইউএনওর নির্দেশে ছাত্রীর বাড়িতে যাই। সে পড়ালেখা করতে চায়। পরিবারের লোকজনকে সতর্ক করা হয়েছে। রোববার তার মা-বাবাকে বিদ্যালয়ে আসতে বলা হয়েছে।
এ ব্যাপারে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই ছাত্রীর পড়ালেখা নিশ্চিত করতে আমরা কাজ করছি।
কাজল কায়েস/আরএইচ/এমএস
