শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

ধর্মঘটে বাস ধুয়ে-মুছে রং করায় ব্যস্ত চালক-হেলপাররা

পরিবহন ধর্মঘটের কারণে বন্ধ রয়েছে বাস চলাচল। সেই সুযোগে বাস ধুয়ে-মুছে রং করে সৌন্দর্য বাড়ানোয় ব্যস্ত চালক-হেলপাররা।

শুক্রবার (৫ নভেম্বর) রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় এমন দৃশ্য চোখে পড়ে।

মেরুল বাড্ডার ইউলুপের নিচের প্রধান সড়কে প্রতিদিনই বেশকিছু গড়ি পার্কিং করা থাকে। রাতে পার্কিং করা গাড়ি আবার সকাল হলেই রাস্তায় নামে। তবে ধর্মঘট থাকায় ব্যস্ত নেই গাড়ি। গাড়ি ধুয়ে-মুছে রং করায় ব্যস্ত চালক-হেলপাররা।

সেখানে আকাশ পরিবহনের একটি গাড়ি ধোয়া-মোছা ও রং করার কাজে ব্যস্ত তিনজন। তাদের মধ্যে একজন চালক, একজন সুপারভাইজার ও অপরজন হেলপার। একজন গাড়ি পরিষ্কার করছেন। অন্য দুজন ব্যস্ত রং করানোর কাজে।

bus-3.jpg

বাসচালক রফিক জাগো নিউজকে বলেন, ‘লিটারে তেলের দাম ১৫ টাকা বাড়ছে। সরকার কোনো সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত গাড়ি বন্ধ থাকবে। আমরা নিজেরা গাড়ি চালাই, নিজেরাই রং করছি। আজকে ধর্মঘটন, এ কারণে একটু সময় পাইছি। সব সময় তো আর সুযোগ থাকে না।’ তবে গাড়ি বন্ধ থাকায় আয়ের পথ বন্ধ হয়ে বিপাকে পড়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

একই গাড়ি রঙ করায় ব্যস্ত সুপারভাইজার হাসেম মিয়া। তিনি বলেন, ‘ঘরভাড়া দিতে পারি না। পেডে (পেটে) খাওন নাই, সংসারও চলে না। এরমধ্যে তেলের দাম বাড়ছে। আমাগো তো মরার ওপরে খাড়ার ঘাঁ। প্রভাবশালীগো তো কোনো সমস্যা নাই, বিপদ সব শ্রমিকগো।’

বুধবার (৩ নভেম্বর) মধ্যরাত থেকে ডিজেলের মূল্য লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি করেছে সরকার। এ নিয়ে বৃহস্পতিবার (৪ নভেম্বর) পরিবহন খাতের বিভিন্ন সংগঠনের নেতারা বৈঠক করেন। বৈঠক থেকে ভাড়া বাড়ানোর সুনির্দিষ্ট ঘোষণা না দেওয়া পর্যন্ত পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

bus-3.jpg

তবে এ বিষয়ে পরিবহন মালিক-শ্রমিকদের সংগঠনগুলোর কেন্দ্রীয় পর্যায় থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। অর্থাৎ ঘোষণা ছাড়াই শুক্রবার সকাল থেকে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট।

তবে তেলের দাম বাড়ানোর প্রতিবাদে শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে সারাদেশে ট্রাক-কাভার্ডভ্যান ধর্মঘটের ডাক দেওয়া হয়। জ্বালানি তেলের বর্ধিত দাম না কমানো পর্যন্ত ধর্মঘট চলবে বলেও জানান বাংলাদেশ আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম।

এমআইএস/এএএইচ/এমএস



Advertiser