মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

৮৫ শিল্পগোষ্ঠীর সঙ্গে বৈঠকে বসছে ডিএসই

দেশে সুনামের সঙ্গে ব্যবসা করা ভালো কোম্পানিকে পুঁজিবাজারে আনার লক্ষ্যে ৮৫ শিল্পগোষ্ঠীর সঙ্গে বৈঠকে বসছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

মঙ্গলবার সন্ধ্যায় নিকুঞ্জে অবস্থিত ডিএসই ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

ডিএসইর চেয়ারম্যান ইউনুছুর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিএসইর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে সুনামের সঙ্গে ব্যবসা করা অনেক বড় কোম্পানি পুঁজিবাজারের বাইরে রয়েছে।পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার মাধ্যমে কর সুবিধা পাওয়ার পরও এসব কোম্পানি তালিকাভুক্ত হচ্ছে না।

কেন কোম্পানিগুলো পুঁজিবাজারে আসছে না তা জানার লক্ষ্যেই মূলত দেশের পক্ষ থেকে ৮৫ শিল্পগোষ্ঠীর শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বৈঠকে বসার উদ্যোগ নিয়েছে ডিএসই। এর আগে কখনো ডিএসইর পক্ষ থেকে এমন উদ্যোগ নেয়া হয়নি।

জানা গেছে, বৈঠকে প্রাণ-আরএফএল গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, স্কয়ার গ্রুপ, সিটি গ্রুপ, টি কে গ্রুপ, পারটেক্স গ্রুপ, ট্রান্সকম গ্রুপ, ইনসেপটা, ডিবিএল গ্রুপ, আনোয়ার গ্রুপ, নাসা গ্রুপ, উত্তরা গ্রুপ, ওরিয়ন গ্রুপসহ দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠীর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের আমন্ত্রণ জানানো হয়েছে।

এ বিষয়ে ডিএসইর চেয়ারম্যান ইউনুছুর রহমান জাগো নিউজকে বলেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা সাড়ে তিনশ'র বেশি না। বাংলাদেশে অনেক কোম্পানি আছে, ভালো ব্যবসা করছে। বাজারে তাদের সুনাম আছে। দেশের অর্থনীতিতে তারা অবদান রাখছেন কিন্তু পুঁজিবাজারে তালিকাভুক্ত হচ্ছেন না। এটার পিছনের কারণটা কি এটা আমরা একটু বুঝতে চাই।

তিনি বলেন, আমরা তাদের কাছ থেকে একটু জানতে চাই কি কি প্রতিবন্ধকতার জন্য, কি কি সমস্যার জন্য তালিকাভুক্ত হতে চাচ্ছেন না।

তিনি আরও বলেন, যারা তালিকাভুক্ত তাদের করপোরেট ট্যাক্স হার কম। সুতরাং কর কম দিতে হয়। অন্যান্য আরও সুযোগ-সুবিধা আছে। তারপরও তারা পুঁজিবাজারে আসছেন না। আমরা তাদের তালিকাভুক্তির ক্ষেত্রে উৎসাহিত করতে চাই। তারা তালিকাভুক্ত হলে আমাদের বাজারের ভাবমূর্তি আরও বাড়বে, বাজারের গভীরতা বাড়বে।

এমএএস/জেএইচ/জেআইএম



Advertiser