মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

প্রশিক্ষণ পাননি নগর পরিবহনের চালকেরা, কাজও ২০ ভাগ বাকি

আগামী ২৬ ডিসেম্বর কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত ২১ কিলোমিটারের রুটে ঢাকা নগর পরিবহন উদ্বোধন করা হবে। প্রাথমিকভাবে ৫০টি বাস নিয়ে চলবে এই নগর পরিবহন। কিন্তু বাস যারা চালাবেন সেই চালকদের এখনও প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়নি। এছাড়া এখনও এই রুটে যাত্রী ছাউনি এবং বাস-বে নির্মাণ কাজ শেষ হয়নি।

তবে ঢাকা সড়ক সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) বলছে, উদ্বোধনের আগেই চালক এবং তার সহকারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। যাত্রী ছাউনি এবং বাস-বে নির্মাণকাজ ৮০ শতাংশের বেশি শেষ হয়েছে। এছাড়া চালক এবং তার সহকারীদের জন্য নির্দিষ্ট পোশাক নির্ধারণ করা হয়েছে।

ঢাকা শহরে গণপরিবহনে শৃঙ্খলা আনতে ২০১৮ সালে বাস রুট রেশনালাইজেশন কমিটি গঠন করে সরকার। কিন্তু এখন পর্যন্ত সড়কে শৃঙ্খলা আসেনি। এর মধ্যে আগামী ২৬ ডিসেম্বর পরীক্ষামূলকভাবে কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত ঢাকা নগর পরিবহন নামে বাস চালুর সিদ্ধান্ত নেয় বাস রুট রেশনালাইজেশন কমিটি।

jagonews24

গত রোববার (১৯ ডিসেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২০তম সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কমিটির সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস জানান, এই রুটে বিআরটিসির ৩০টি বাস এবং ট্রান্সসিলভার ২০টি বাস নিয়ে ঢাকা নগর পরিবহনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। এই রুটের বাসগুলো সবুজ রঙের। প্রথমে ৫০টি বাস নিয়ে যাত্রা শুরু হলেও কিছুদিনের মধ্যে এই রুটে মোট ১০০টি বাস চলাচল করবে।

একই সভায় কমিটির আরেক সদস্য এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, প্রথমদিন থেকেই এই রুটের বাসগুলোতে ই-টিকেটিং সিস্টেম চালু করা হবে। আমাদের বাস-বে, যাত্রী ছাউনিগুলোর কাজ প্রায় শেষ পর্যায়ে। এছাড়া প্রতি বাসের চালক-সহকারীদের নির্দিষ্ট পোশাক থাকবে, সেই সঙ্গে তাদের আইডি কার্ড গলায় ঝোলানো অবস্থায় থাকবে। যেসব বাসের রেজিস্ট্রেশন এবং রুট পারমিট আছে সেগুলোই কেবল এই রুটে চলাচল করতে পারবে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) ওই রুটের সার্বিক কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে ডিটিসিএ’র ডেপুটি ট্রান্সপোর্ট প্ল্যানার ধ্রুব আলম জাগো নিউজকে বলেন, ওই রুটের বাসগুলো ৩৬-৩৮ আসনের। এসব বাসের চালকদের গায়ে নীল রঙের পোশাক থাকবে। ট্রান্সসিলভার চালকদের গায়ের পোশাক হবে বাসের রঙের মতো সবুজ।

তিনি বলেন, ২৪ ডিসেম্বর চালক এবং তার সহকারীদের প্রশিক্ষণের দিন নির্ধারণ করা হয়েছে। এছাড়া বাস-বে ও যাত্রী ছাউনিসহ আনুষঙ্গিক কাজ দু-একদিনের মধ্যে শেষ করা হবে।

এমএমএ/ইএ/এসএইচএস/এএসএম



Advertiser