আরিফ উদ্দিন, স্টাফ রিপোর্টার, গাইবান্ধা থেকে : ৬ দফা চুক্তি বাস্তবায়নের দাবী এবং ফুলবাড়ী গণআন্দোলনে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গাইবান্ধায় ‘ফুলবাড়ী দিবস’ উদ্যাপন করেছে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি।বৃহস্পতিবার (২৬ আগস্ট) এ উপলক্ষে কমিটির গাইবান্ধা জেলা শাখা পৌর পার্কে শহিদ মিনারে ফুলবাড়ী শহিদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তব্য রাখেন, তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা শাখার আহবায়ক এ্যাড. শাহাদৎ হোসেন লাকু, সদস্য সচিব কাজী আবু রাহেন শফিউল্যাহ খোকন।
এসময় উপস্থিত ছিলেন, কমিউনিস্ট পার্টি জেলা সভাপতি মিহির ঘোষ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সাবেক জেলা সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য সচিব মনজুর আলম মিঠু, বাসদ জেলা সমন্বয়ক গোলাম রব্বানী, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি প্রণব চৌধুরী খোকন, কৃষক শ্রমিক জনতা লীগের জেলা সভাপতি মোস্তফা মনিরুজ্জামান, বাসদ (মার্কসবাদী) জেলা নেতা নিলুফার ইয়াছমিন শিল্পী, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) জেলা সভাপতি রেবতী বর্মণ, মাসুদার রহমান মাসুদ, মৃণাল কান্তি, ছাত্রনেতা ওয়ারেছ সরকার, মাসুদা আক্তার প্রমুখ। বক্তরা, আমিন, সারেকীন, তরিকুলের রক্তে রঞ্জিত ফুলবাড়ী ৬ দফা চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন দাবী করেন।
উল্লেখ্য, ২০০৬ সালের ২৬ আগস্ট ফুলবাড়ী কয়লা খনি উন্মুক্ত পদ্ধতিতে বাস্তবায়নের প্রতিবাদে এশিয়া এনার্জি নামক একটি বহুজাতিক কোম্পানির উপজেলা অফিস ঘেরাও কর্মসূচি পালন করে উপজেলাবাসী। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আমিন, সালেকিন ও তরিকুল নামে তিন যুকব নিহত এবং তিন শতাধিক মিছিলকারী আহত হন। ওই সময় গণআন্দোলনের মুখে তৎকালীন সরকার ৬ দফা দাবি সংবলিত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করে। তখন থেকে এ চুক্তি বাস্তবায়নের দাবিসহ ২৬ আগস্ট ‘ফুলবাড়ী দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।
The post ৬ দফা চুক্তি বাস্তবায়ন দাবীতে গাইবান্ধায় ‘ফুলবাড়ী দিবস’ পালিত appeared first on গোবি খবর.
