শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

গাইবান্ধায় গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

আরিফ উদ্দিন, স্টাফ রিপোর্টার, গাইবান্ধা থেকে : অবিলম্বে শিক্ষার্থীদের টিকা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে শহরের ডিবি রোডে গানাসাস মার্কেটের সামনে সমাবেশ করে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংগঠনের জেলা কার্যালয়ে এসে শেষ হয়।ছাত্রনেতা শামিম আরা মিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন গাইবান্ধা জেলা শাখার সদস্য সচিব মনজুর আলম মিঠু, ছাত্রনেতা ওয়ারেছ মন্ডল রাঙ্গা, ক্ষুদিরাম স্মৃতি পাঠাগারের সংগঠক মারুফ আকন্দ, কৃষক শ্রমিক জনতা লীগের জেলা সভাপতি অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান, সাংবাদিক ময়নুল ইসলাম, বিপ্লবী ছাত্রমৈত্রীর জেলা সংগঠক তৌহিদ আহমেদ প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, করোনা পরিস্থিতিতে সরকারের চরম ব্যর্থতার বলি দেশের শিক্ষাব্যবস্থা! করোনা নিয়ন্ত্রণে নেই কোন সুনির্দিষ্ট পরিকল্পনা আবার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য নেই কোন রোডম্যাপ। করোনাকালে দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়টি সরকারের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সামগ্রিক ব্যার্থতার ফলাফল। এই ব্যার্থতার বলি হয়েছে দেশের চার কোটি শিক্ষার্থী। অথচ এই সংকট থেকে উত্তরণে সরকার কোন সুনির্দিষ্ট রোডম্যাপ উপস্থাপন করতে পারেনি।সমাবেশে বক্তারা বলেন, করোনাকালে চরম রাষ্ট্রীয় দুর্নীতি,অনিয়ম,অসঙ্গতির বিরুদ্ধে ছাত্রসমাজের ঐক্যবদ্ধ অবস্থান গড়ে উঠার আশঙ্কা থেকেই পরিকল্পিতভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। ফলে অনেক শিক্ষার্থী মানষিক সমস্যায় ভুগছেন বা হতাশা বাড়ছে। অনলাইন ক্লাস এবং অ্যাসাইনমেন্টের নামে শিক্ষার্থীদের হাতে অ্যান্ড্রয়েড ফোন দেয়ার কারণে শিক্ষার্থীরা পাবজিসহ বিভিন্ন গেমে ঝুঁকে পড়ছে এবং অভিভাবকদেরও আর্থিক ব্যয় বেড়েছে।

নেতৃবৃন্দ বলেন, প্রত্যেক শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা নিশ্চিত করা, সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া, শিক্ষার্থীদের করোনাকালীন গত এক বছরের বেতন-ফি মওকুফ করার পাশাপাশি কিন্ডারগার্টেনসহ অন্যান্য নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের গত এক বছরের বেতন-ভাতা সরকারকেই দিতে হবে এবং আর্থিক প্রণোদনা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালু করতে হবে। তারা অবিলম্বে এসএসসি এবং এইচএসসি ও অনার্স- মাষ্টার্স পরীক্ষা ক্লাসরুমে নেয়ার কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানান।

The post গাইবান্ধায় গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের বিক্ষোভ মিছিল-সমাবেশ appeared first on গোবি খবর.



Advertiser