বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের জন্য পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। বুধবার এ কথা জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
চলতি মাসে শেষ হয়ে যাবে বোর্ড সভাপতি হিসেবে পাপনের দ্বিতীয় মেয়াদের দায়িত্বকাল। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার ৪৫ কার্যদিবসের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে।
আর এজন্যই আইসিএবি'র (ইন্সটিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অব বাংলাদেশ) সাবেক প্রেসিডেন্ট এম ফরহাদ হোসেনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দিয়ে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
বাকি চার সদস্য হলেন বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব মোহাম্মদ ওমর ফারুক, বিসিবির আইনি পরামর্শক মুদ্দাসির হোসেন, সুপ্রিম কোর্টের এডভোকেট মোহাম্মদ একরামুল হক এবং বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
নির্বাচনের তফসিল এখনও ঘোষণা হয়নি। তবে বিসিবি সভাপতি জানিয়েছেন অক্টোবরের মাঝামাঝিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই নির্বাচন দিয়ে নতুন কমিটির হাতে দায়িত্ব তুলে দেয়া হবে।
এসএএস/এমকেএইচ
