কক্সবাজারের পেকুয়ায় মন্দির ও স্থাপনায় হামলার ঘটনায় এক চেয়ারম্যানসহ চারজনের জামিন স্থগিত করে চেম্বার জজ আদালতের দেওয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আসামিরা হলেন- পেকুয়া সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, পেকুয়া উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদীদ, পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য সাজ্জাদ এবং স্থানীয় ব্যবসায়ী শাহনেওয়াজ।
চেম্বার জজ আদালতের দেওয়া আদেশ মোডিফিকেশন চেয়ে করা আবেদন খারিজ করে রোববার (৭ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তার সঙ্গে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। অন্যদিকে আসামিদের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
এর আগে গত ৩১ অক্টোবর কক্সবাজারের পেকুয়ায় মন্দির ও স্থাপনায় হামলার ঘটনায় এক চেয়ারম্যানসহ চারজনের জামিন স্থগিত করেন চেম্বার জজ আদালত। সেই সঙ্গে হাকোর্টের দেওয়া আগাম জামিন স্থগিত করে তাদের সাতদিনের মধ্যে কক্সবাজার জেলা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছিল।
আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার জজ আদালত ওই আদেশ দেন।
গত ১৩ অক্টোবর রাতে কক্সবাজারের পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের দুর্গা মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় মামলা হয় ১৫ অক্টোবর। মামলার পর হাইকোর্টে জামিন আবেদন করেন আসামিরা। এরপর ২৮ অক্টোবর হাইকোর্টের একটি বেঞ্চ তাদের ৫ ডিসেম্বর পর্যন্ত আগাম জামিন দেন। এ জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওই আবেদন শুনানি নিয়ে আদেশ দেন চেম্বার জজ আদালত। সেটি মোডিফিকেশন চেয়েছিলেন আসামিপক্ষ। তাদের আবেদনে বলা হয়েছিল নির্বাচন পর্যন্ত জামিন দিতে।
এফএইচ/ইএ/এমএস
