বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

বাংলাদেশ এখন নেতৃত্ব দিচ্ছে গ্লোবাল নলেজ সোসাইটিতে

শুধুমাত্র টেকসই উন্নয়নে নয়, বাংলাদেশ এখন গ্লোবাল নলেজ সোসাইটিতে নেতৃত্ব দিচ্ছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

প্রথম বাংলাদেশ হিসেবে প্রফেসর ড. সাইফুর রহমান ‘দ্য ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ের (আইইইই) প্রেসিডেন্ট এবং প্রফেসর ড. সেলিয়া শাহনাজ আইইইই ওমেন ইন ইঞ্জিনিয়ারিং কমিটির চেয়ার নির্বাচিত হওয়ায় ৮ ডিসেম্বর রাজধানীর ফারস হোটেলে আইইইই বাংলাদেশ সেকশন কর্তৃক আয়োজিত মেম্বার্স অ্যাপ্রিসিয়েশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী।

আইইইই বাংলাদেশ সেকশনের চেয়ার প্রফেসর ড. মশিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বুয়েটের উপাচার্য প্রফেসর ড. সত্যপ্রসাদ মজুমদার, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) এর প্রাক্তন প্রেসিডেন্ট এবং আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর, স্পেক্ট্রাম কনসোর্টিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ফোরকান বিন কাসেম।

প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, বাংলাদেশের প্রকৌশলীরা অত্যন্ত দক্ষতার সঙ্গে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট পরিচালনা করছে। তরুণদের মেধা ও সৃজনশীলতা কাজে লাগিয়ে আগামীদিনে বাংলাদেশ রোবট উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশে পরিণত হবে। আগামী ১২ ডিসেম্বর ফাইভ-জি প্রযুক্তির পরীক্ষামূলক সেবা কার্যক্রম উদ্বোধন করবো।

মন্ত্রী বলেন, ‘এই কৃতিত্ব এতদিন শুধু উন্নত বিশ্বের ৬/৭টি দেশের ছিল। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। ইতিহাসে প্রথম বাংলাদেশি হিসেবে প্রফেসর ড. সাইফুর রহমান আইইইই’র প্রেসিডেন্ট এবং প্রফেসর ড. সেলিয়া শাহনাজ আইইইই ওমেন ইন ইঞ্জিনিয়ারিং কমিটির চেয়ার নির্বাচিত হয়েছেন। এটাই প্রমাণ করে যে শুধুমাত্র টেকসই উন্নয়নে নয়, বাংলাদেশ এখন নেতৃত্ব দিচ্ছে গ্লোবাল নলেজ সোসাইটিতে।

কৃতিত্বপূর্ণ অর্জনের জন্য দেশের মানুষের পক্ষ থেকে বৈশ্বিক প্রযুক্তি অঙ্গনের এই নির্বাচিত ব্যক্তিদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানান মন্ত্রী।

jagonews24

বিশেষ অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) প্রাক্তন প্রেসিডেন্ট ও বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর বলেন, ‘চতুর্থ শিল্পবিপ্লবে যেন বাংলাদেশ বিশ্বকে নেতৃত্ব দিতে পারে সেই জন্য প্রযুক্তিগত অবকাঠামো গড়ে তোলা, মানবসম্পদ উন্নয়ন এবং সরকারি সেবাসমূহ দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দোড়গোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সুযোগ্য পুত্র আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করে শুধু ইকোনমিক ও পলিটিক্যাল ডিপ্লোমেসি নয়, সায়েন্স ডিপ্লোমেসি ও টেকনোলজিক্যাল ডিপ্লোমেসিতেও আগামী দিনে বাংলাদেশ বিশ্বকে নেতৃত্ব দেবে।’

আইইইই-এর নির্বাচিত প্রথম বাংলাদেশি প্রেসিডেন্ট প্রফেসর ড. সাইফুর রহমান বুয়েটের তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগে পড়াশোনা করেছেন। তিনি বুয়েটে কিছুদিন শিক্ষকতাও করেছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ে অ্যাডভান্সড রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

একই বিশ্ববিদ্যালয়ে তিনি ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের জোসেফ আর লরিং অধ্যাপক। অন্যদিকে প্রথম বাংলাদেশি হিসেবে আইইইই ওমেন ইন ইঞ্জিনিয়ারিং কমিটির নির্বাচিত চেয়ার প্রফেসর ড. সেলিয়া শাহনাজ বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক।

তিনি কানাডার কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি দেড় শতাধিক আন্তর্জাতিক জার্নাল/কনফারেন্স পেপার প্রকাশ করেছেন। বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদানের জন্য তিনি কানাডিয়ান কমনওয়েলথ ফেলোশিপ এবং বাংলাদেশ অ্যাকাডেমি অব সায়েন্স গোল্ড মেডেল পেয়েছেন।

আইইইই হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং এবং সংশ্লিষ্ট বিভিন্ন শাখার জন্য একটি বৈশ্বিক পেশাদার সংগঠন যার করপোরেট হেডকোয়ার্টার আমেরিকার নিউইয়র্ক সিটিতে অবস্থিত। এটি বিশ্বের ১৬০টি দেশে চার লাখের বেশি সদস্য নিয়ে গঠিত প্রযুক্তিগত পেশাদারদের বৃহত্তম সংগঠন।

এসইউজে/এএএইচ/এএসএম



Advertiser