বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি: যশোরে মাইক্রোবাসের চাপায় মাদ্রাসা ছাত্র সাকলাইন (২০) নিহত হয়েছেন। এসময় মিন্টু (৩০) নামে এক রিকশাচালক আহত হয়েছেন।বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে যশোর শহরের ঢাকা রোড হাফিজিয়া মাদ্রাসার সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত সাকলাইন যশোর দড়াটানা হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলিলপুর গ্রমের আব্দুল আলিমের ছেলে। তার মৃতদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল মর্গে রয়েছে। আর আহত রিকশাচালক মিন্টু সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। তিনি ঝিকরগাছা উপজেলার শ্রী চন্দ্রপুর গ্রামের বাবর আলীর ছেলে। পুলিশ মাইক্রোবাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা মাইক্রোবাস খুলনায় যাচ্ছিলো। সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা রোড হাফিজিয়া মাদ্রাসার সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা সাকলাইনকে চাপা দিয়ে গাছের সাথে ধাক্কা খায়।দুর্ঘটনায় আহত মাদ্রাসা ছাত্র সাকলাইন ও রিকশাচালক মিন্টুকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে আনেন।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার জসিম উদ্দিন বলেন, হাসপাতালে আনার আগেই মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। রিকশাচালক মিন্টু এখন শঙ্কামুক্ত।মাইক্রোবাস চাপায় দুইজন হতাহতের বিষয়টি নিশ্চিত করে যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, ঘাতক মাইক্রোবাসটিকে আটক করা হয়েছে। কিন্তু চালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ জেনারেল হাসপাতালে মর্গে রয়েছে।
The post যশোরে মাইক্রোবাসের চাপায় মাদ্রাসা ছাত্র নিহত appeared first on গোবি খবর.
