শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১

২৮ বছর ও ৬৬ ম্যাচ পর বাছাইয়ে হারলো স্পেন

বিশ্বকাপ বাছাইপর্বে পরাজয় বলতেও যে কিছু রয়েছে, তা যেন ভুলেই গিয়েছিল স্পেন। তাদের সেই ভুলে যাওয়া স্মৃতি ফিরিয়ে আনলো সুইডেন। দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপ বাছাইয়ে হারলো স্পেন।

বৃহস্পতিবার রাতে সুইডেনের মাঠে খেলতে গিয়ে ২-১ ব্যবধানে হেরেছে লুইস এনরিকের শিষ্যরা। যার ফলে বিশ্বকাপ বাছাইয়ের বি গ্রুপে শীর্ষেও থাকা হচ্ছে না স্পেনের।

সবশেষ ১৯৯৩ সালের মার্চে বিশ্বকাপ বাছাইপর্বের কোনো ম্যাচ হেরেছিল স্পেন। সেদিন ডেনমার্কের কাছে ১-০ গোলে তারা। সেই ম্যাচের পর ৬৬ ম্যাচ অপরাজিত থাকে স্পেন।

তাদের এই অপরাজেয় যাত্রা থামিয়ে দিলো সুইডেন। ঘরের মাঠের ম্যাচে ৪ মিনিটেই গোল হজম করে সুইডেন। অতিথিদের এগিয়ে দেন অভিষিক্ত কার্লোস সলের।

এক মিনিট পরই অবশ্য সমতা ফেরায় স্বাগতিকরা, স্কোর শিটে নাম তোলেন অ্যালেকজ্যান্ডার আইজ্যাক। পরে দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৭ মিনিটের সময় জয়সূচক গোলটি করেন ভিক্টর ক্লেসন।

এ জয়ের পর তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে বি গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে সুইডেন। অন্যদিকে চার ম্যাচে ২ জয়, ১ পরাজয় ও ১ ড্রতে পাওয়া ৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেমে গেছে স্পেন।

এসএএস/জিকেএস



Advertiser